ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা

দুই দিনে চার দফা ভূমিকম্পে কেঁপেছে ঢাকা। ভূমিকম্পে ঝাঁকুনির পর রাজধানী বেশ কিছু এলাকার কয়েকটি ভবনে দেখা গেছে ফাটল। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘জরাজীর্ণ’ লতিফ ছাত্রাবাস ধসে পড়তে পারে এমন শঙ্কায় সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন আতঙ্কিত শিক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) রাতে তারা দলবেঁধে ছাত্রাবাস ছেড়ে এর সামনে তেজগাঁও শিল্প এলাকার সড়কে 'বিছানা পেতে' অবস্থান নিয়েছেন। আন্দোলনরতরা জরুরিভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।

কয়েক দশকের ইতিহাসে গত শুক্রবারের তীব্র ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর শনিবার সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে আরও তিন দফার ভূমিকম্পের পর এ হলের শিক্ষার্থীরা আরও আতঙ্কিত হয়ে হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে সড়কে অবস্থান নেন।

এমন অবস্থায় রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ নোটিস দিয়ে লতিফ ছাত্রাবাস (পূর্ব ও পশ্চিম শাখা), ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার ঘোষণাও দিয়েছৈ কর্তৃপক্ষ। এর আগে ছাত্রাবাসটির একাংশ গত জুনে 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সংস্কারের পরামর্শ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রমজান আলী জানান, ৭০ থেকে ৮০ বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকেই অনেক ফাটল ছিল। শুক্রবার সকালের ভূমিকম্পের পর নতুন করে আরো অনেক ফাটল পরিলক্ষিত হয়। শনিবার সকাল ও সন্ধ্যায় দুই দফা ভূমিকম্পের পর ফাটলগুলো আরো বেড়ে যায়। রাত ৮টার পর আমরা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে বিছানা বালিশ নিয়ে সড়কে অবস্থান নিয়েছি।"

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেলা পারভীন এখন জাপানে অবস্থান করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শনিবার রাতে হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। রাত ১১টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্ট্যাকচারাল ডিজাইন শাখার নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান জানান, শনিবার পরিদর্শন করে আমাদের দল লতিফ হলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছি। ৭০ বছর পুরনো এবং জরাজীর্ণ ছাত্রাবাসটির চতুর্থ তলার কলাম, ছাদের বিমের বিভিন্ন অংশে ফাটল ও ছাদের বিভিন্ন জায়গায় প্লাস্টারসহ কংক্রিট খসে পড়েছে এবং স্লাব এর রিইনফোর্সমেন্ট বের হয়ে গেছে।

তিনি আরও বলেন, গত জুন মাসে ঢাকা মেট্রোপলিটন রেঞ্জের নির্বাহী প্রকৌশলী লতিফ হলটির চতুর্থ তালা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তা সংস্কার করার সুপারিশ করেছিলেন। আমরা আমাদের প্রতিবেদন ও সুপারিশ কারি অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram