

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাঁচটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে৷প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় কেউ হতাহত নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

