

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তাঁদের দুজনেরই বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটি নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ধরা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন।
