ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

প্রণোদনার সার-বীজ বিক্রি বা অপব্যবহার করলে আইনি ব্যবস্থা: রাণীশংকৈল ইউএনও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিক্রি কিংবা অন্য কোনোভাবে অপব্যবহার করলে সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮ হাজার ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করছে। এসব উপকরণ বিক্রি করা কিংবা নির্ধারিত জমিতে চাষাবাদ না করে অন্য কোনো কাজে ব্যবহার করা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের তালিকা অনুযায়ী সরেজমিনে মাঠ পরিদর্শন করা হবে। বরাদ্দ পাওয়া বীজ ও সার দিয়ে সংশ্লিষ্ট কৃষক জমিতে আবাদ করেছেন কি না, তা যাচাই করা হবে। অনিয়ম বা অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত কৃষকদের কাজে লাগে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিউল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনসহ প্রণোদনাপ্রাপ্ত কৃষকেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram