

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ডাম্পার ট্রাক থেকে ৫১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক শওকত (২৫) ও তাঁর সহযোগী।
বুধবার (২১ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম ধর্মপুরের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ধাওয়া দিলে চালক ও তাঁর সহযোগী ডাম্পার ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকের পেছনে রাখা ১১টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, স্থানীয় লোকজনের ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৫১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় চালককে শনাক্ত করা হয়েছে। তাঁর সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
