ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2026

রাজবাড়ীতে ৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরে কাজ শেষ হয়েছে মাত্র ৬০ শতাংশ

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ। এতে নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সেতুটি চালু হলে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ কমবে বলে আশা করছেন এলাকাবাসী। তাছাড়াও মাগুড়া ও ঝিনাইদহ জেলার সাথে ঢাকার সড়ক পথে যোগাযোগ কমে আসবে ৬০ কিলোমিটার পথ।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে তিন দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ১০ অক্টোবর সময়সীমা শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। এখন ওই অসমাপ্ত কাজ কবে শেষ হবে তা রাজবাড়ীর এলজিইডিতে কোন তথ্য নাই।

সম্প্রতি নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, সেতুটির চারটি স্প্যান ও দুটি গার্ডার বসানো বাকি। রাজবাড়ী প্রান্তে মাত্র তিনজন শ্রমিক কাজ করছিলেন। শ্রমিক সংকটের কারণে কাজের গতি কমেছে বলে জানা গেছে।

নাদুরিয়া গ্রামের শিক্ষার্থী মো. আবদুল্লাহকে প্রতিদিন নৌকায় গড়াই নদী পার হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ে যেতে হয়। সে বলে, সেতু নির্মাণের আশায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন ভেবেছিলাম, সেতু চালু হলে বাড়ি থেকে স্কুলে যেতে মাত্র ১০ মিনিট লাগবে। কিন্তু তার স্কুলজীবন প্রায় শেষ হলেও সেতুর কাজ শেষ হয়নি।

লাঙ্গলবাঁধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী তাঁর বিদ্যালয়ে পড়তে আসে। নদী পারাপারের সমস্যায় তারা নিয়মিত ক্লাস করতে পারে না। সেতু চালু হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক পিকুল হোসেনের দাবি, নিয়মিত মজুরি না পাওয়ায় ১৫ জন শ্রমিকের মধ্যে ১২ জন কাজ ছেড়ে চলে গেছেন। গত চার মাস ধরে তাঁরাও মজুরি পাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল হামিদ বলেন, সেতুর কাজ শেষ করতে আরও এক বছর সময় লাগবে। সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ হাসান বলেন, সংযোগ সড়কের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় কাজের গতি কমেছে। জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ক্ষতিপূরণ পরিশোধের পর সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে। দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার আশা করছেন তাঁরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram