

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের মোহরি পাড়ার মৃত সাহাবউদ্দীনের ছেলে অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পড়ে। এতে অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিওসি মোড়ের ওই রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। ফলে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীদের রেললাইন পার হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, গত ছয় মাসে এ ঘটনাসহ ওই এলাকায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস-৮২২ ট্রেনটি প্রায় এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখেন। রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
