

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার লাউতাড়া গ্রামে নকল ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। একইসাথে জব্দ করা এসব মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে এ অভিযান চালায় র্যাব-৬। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগের সত্যতা পাওয়ায় মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল মালামাল ধ্বংসের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ঘটনার সত্যতা স্বীকার করেন।
