

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: সরকারি বিভিন্ন দপ্তর ও থানা থেকে হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এসব অস্ত্রের সন্ধান বা সঠিক তথ্য দিলে পরিচয় গোপন রেখে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় র্যাব-৭-এর চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হারানো সরকারি অস্ত্র অপরাধীদের হাতে গেলে জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হতে পারে। তাই অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
পুরস্কার হিসেবে রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের তথ্যের জন্য ২ লাখ টাকা; শটগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা; সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং প্রতিটি গোলাবারুদের জন্য ৫০ টাকা দেওয়ার কথা জানানো হয়।
র্যাব-৭ অধিনায়ক বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আশপাশে হারানো সরকারি বা অবৈধ অস্ত্রের সন্ধান পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে গণমাধ্যমকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
