

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পায়েল মজুমদার (১৮) নামে এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত পায়েল মজুমদার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ার ঈশ্বরের টেক মজুমদার বাড়ির দুলাল মজুমদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পায়েলকে তার নিজ শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তার বাবা তাকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. রোমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল অবিবাহিত ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঘরের কাজকর্ম করতে গিয়ে ভুল হলে প্রায় সময় তার মা তাকে বকাঝকা করতেন। ঘটনার দিন সকালেও হাঁড়ি-পাতিল মাজা নিয়ে মায়ের সঙ্গে বকাঝকা হয়। এরপর অভিমান করে পায়েল আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
