

বগুড়া প্রতিনিধি: পরিবেশ আমাদের জীবনের কোনো একটি অধ্যায় নয়, পরিবেশটাই আমাদের পুরো বই।’ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে এমন কথাই বলছিলেন তাসনুভা তাসকিন মুনতা। তাঁর বক্তব্যের মূল সুর ছিল-পরিবেশ সম্পর্কে শুধু জানলেই হবে না, সেই জ্ঞানকে বাস্তব জীবনের আচরণে প্রতিফলিত করতে হবে।
পরিবেশ সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই বগুড়ায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী ‘জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াড-২০২৬'। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় ২৫০ জন শিক্ষার্থী। আজ ৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ- শনিবার বেলা ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের মূল আয়োজন। এতে শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক জ্ঞান বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর রউফা খানম।
অসাধারণ এ অনুষ্ঠানের সঞ্চালনা করে বগুড়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্কন রায় এবং ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ রাহি। এ সময় বক্তব্য দেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট মুশরাত মাহজাবীন মাহা, ভাইস প্রেসিডেন্ট রূপান্তি বড়ুয়া এবং ক্লাবের হেড অব স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস ডিপার্টমেন্ট তাসনুভা তাসকিন মুনতা।
সময়োপযোগী ও ব্যতিক্রমী অনুষ্ঠানে তাসনুভা তাসকিন মুনতা বলেন, শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, বন উজাড় ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অনেক কিছু শেখে। কিন্তু সেই জ্ঞান বাস্তব জীবনে কতটা প্রয়োগ করা হচ্ছে, সেটিই পরিবেশ শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, শুধু তথ্য মুখস্থ করলেই পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। জানতে হবে সমস্যার কারণ, বুঝতে হবে এর প্রভাব এবং খুঁজে বের করতে হবে কার্যকর সমাধান। কারণ কোনো সমস্যাকে গভীরভাবে না বুঝলে তার টেকসই সমাধানও সম্ভব নয়।
উক্ত অনুষ্ঠানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, বিএম ল্যাবরেটরি স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও অগণিত অভিভাবকবৃন্দরাও।
অনুষ্ঠান শেষে পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিদের হাতে গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা। উল্লেখ্য যে, এর আগে অলিম্পিয়াডের অংশ হিসেবে গত ২৯ আগস্ট, ২০২৬ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ভাষ্য, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানের নয়। সচেতনতার শুরু হতে পারে একজন মানুষের ছোট একটি সিদ্ধান্ত থেকে। সেই ছোট ছোট সিদ্ধান্তই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
