

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মায়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস)-এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী যৌথভাবে টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়াবনে দুটি কাঠের বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট দুটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় বোট দুটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ পৃথক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
