

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা ও সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করা একজন বীর উত্তম। তিনি ভালোবেসে যে দেশের জন্য যুদ্ধ করেছিলেন সে দেশ স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে এক কঠিন সময় পার করছিল। তখন তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে ৪৮ বছর আগে আজকের এইদিনে রাজনৈতিক দল বিএনপি গঠন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আয়োজিত র্যালি ও র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জসিম উদ্দিন আহমেদ বলেন, দেশের সেই কঠিন সময়ে তিনি বিএনপি গঠনের মাধ্যমে দেশে অনাচার, অবিচার ও গণতন্ত্র হরণের ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, গ্রাম ভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশকে অর্থনৈতিক মুক্তি ও আধিপত্য রোধ করে দেশকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন আজও বিএনপি সেই ধারাবাহিকতায় কাজ করছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজুর সভাপতিত্বে জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইফতেখার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক নেছার চৌধুরী, সদস্য সচিব তরিকুল ইসলাম প্রমুখ।
