

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক অভিযানে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি ও তথ্য যাচাই শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এর দিকনির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালান। এ সময় মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মো. কবির (৪৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮টি গুলি ও পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপে অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো এবং পরে এসব অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো। অভিযানে ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরির কার্যক্রমের বিভিন্ন আলামত এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে তাদের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
