ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি হবে সন্ত্রাসমুক্ত, পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে পরিচিতি পাওয়া থেকে মুক্তি চায় চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি। উত্তর চট্টগ্রামের এই তিন উপজেলায় অপরাধ দমনে এবার প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। পরিকল্পনার অংশ হিসেবে তিন উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) চারটি ক্যাম্প স্থাপনের পাশাপাশি বসানো হবে ফেস ডিটেক্টর প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা। অপরাধী শনাক্তে ব্যবহার করা হবে যানবাহন ট্র্যাকার এবং অস্ত্র ও বিস্ফোরক শনাক্তে থাকবে থার্মাল ড্রোনের সার্বক্ষণিক নজরদারি।

পুলিশ বলছে, কয়েক মাস আগে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে আনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িকেও সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই বছরে উত্তর চট্টগ্রামের লাগোয়া এই তিন উপজেলায় ৫০টির বেশি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপগুলোর বিরোধের পাশাপাশি বালুমহালের দখল ও পাল্টা দখলের ঘটনাও রয়েছে।

পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসী গ্রুপগুলোর সম্পৃক্ততার পাশাপাশি রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকেও ভাড়াটে খুনিরা এসে অপরাধে জড়াচ্ছে। অপরাধ সংঘটনের পর তারা আবার পাহাড়ি এলাকায় ফিরে গিয়ে আত্মগোপন করছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, ‘রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির ঠিক পেছনেই পার্বত্য অঞ্চলগুলো। সন্ত্রাসীরা ওই পথ ব্যবহার করে চট্টগ্রাম জেলা ও মহানগরে এবং রাউজান-রাঙ্গুনিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আবার নিরাপদ আশ্রয়ে ফিরে যায়।’

পুলিশ প্রশাসন মনে করছে, পাহাড়ি অঞ্চল থেকে সমতলে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং অপরাধ সংঘটনের পর আবার পাহাড়ে ফিরে যাওয়ার পথ বন্ধ করা গেলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যেই তিন উপজেলার সঙ্গে তিন পার্বত্য জেলার সংযোগস্থল ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে এপিবিএনের ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে রাঙ্গুনিয়ায় দুটি এবং রাউজান ও ফটিকছড়ির ভুজপুরে একটি করে—মোট চারটি এপিবিএন ক্যাম্প স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘সন্ত্রাসীরা যেন কোনো অপরাধ করার সুযোগ বা সাহস না পায়, সেই ব্যবস্থা করতে হবে। অপরাধ করার পর যেন তারা দ্রুত পালিয়ে যেতে না পারে, সেই চেষ্টাই আমরা করছি।’

শুধু ক্যাম্প স্থাপন নয়, অপরাধীদের শনাক্ত ও গতিবিধি নজরদারিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফেস ডিটেক্টর প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা, অপরাধের সঙ্গে জড়িত যানবাহন শনাক্তে ট্র্যাকার এবং অস্ত্র ও বিস্ফোরক শনাক্তে থার্মাল ড্রোন।

গত মে মাসে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ায় দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দেন।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, ‘ফেস ডিটেক্টর সিসিটিভিতে আমাদের টার্গেটেড পারসন, যাদের আমরা সন্দেহ করি, তাদের ছবি ইন্টিগ্রেট করা থাকবে। তারা এলাকায় প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারব।’

তিনি আরও বলেন, ‘থার্মাল ড্রোন ২৪ ঘণ্টা ওপর দিয়ে ঘুরবে। নিচে কেউ বিস্ফোরক বা কোনো ধরনের অস্ত্র বহন করলে আমরা যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, সেই ব্যবস্থা থাকবে।’

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধ সংঘটনের পর সন্ত্রাসীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার পথও বন্ধ করা যাবে।

পুলিশের আশা, এপিবিএন ক্যাম্প, অত্যাধুনিক সিসিটিভি, যানবাহন ট্র্যাকিং এবং থার্মাল ড্রোনের সমন্বিত ব্যবহারের মাধ্যমে উত্তর চট্টগ্রামের এই তিন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে এবং ধীরে ধীরে ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে পরিচিতির অবসান ঘটবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram