

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত চারটার দিকে সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়ার খোরশেদ ভবনে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভবনটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে পল্লী মঙ্গল, সিদীপ ও গাকসহ কয়েকটি এনজিও অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গাক এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম জানান, রাত ৪টার দিকে ডাকাতরা ভবনের মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গাক এনজিওর সহকারি হিসাবরক্ষক রাব্বি মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এছাড়া ভবনের কয়েকজনকে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয় ডাকাতরা। পরে একে একে বিভিন্ন এনজিও অফিসে ঢুকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মূল রেকর্ডিং বক্সটিও কেটে নিয়ে গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার চেষ্টা করছি।
