ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2026

বাবুগঞ্জে বর্ষায় পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নং পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে বিদ্যালয়ে আসা-যাওয়া, খেলাধুলাসহ নানা ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। পাশাপাশি পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও প্রয়োজনীয় কালভার্ট না থাকায় বৃষ্টির পানি সহজে সরতে পারে না। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও রয়েছে।

বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা ওই অংশে ইটের সলিংসহ মাঠ ভরাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক মো. কাইয়ুম হোসেন খান বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকেরা উদ্বিগ্ন থাকেন। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম দুলাল বলেন, ‘বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মাঠ ও যাতায়াতের ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য এর আগে সরকারি বরাদ্দ দেওয়া হলেও তার যথাযথ ব্যবহার হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram