ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2026

রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে ৪৪ ঘন্টা পর বাস চলাচল শুরু

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: টানা ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর, দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে দুই জেলার যাত্রীদের মধ্যে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গোল্ডেন লাইন পরিবহনের চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ীর পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সৃষ্ট বিরোধ এখনো পুরোপুরি মীমাংসা হয়নি।
দুই জেলার প্রশাসনের আশ্বাসে আপাতত বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করেন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি। প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলাচলে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চলতে দেওয়া হবে না।

বাবলু ব্যাপারী আরও বলেন, বুধবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা বাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবহন মালিক গ্রুপ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সে সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি ট্রিপ চলাচলের সিদ্ধান্ত হয়। উভয় পক্ষ তখন ওই সিদ্ধান্ত মেনে নেয়।

পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বাইরে গিয়ে ধীরে ধীরে ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে। কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে বলেও দাবি তাদের। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

সংশ্লিষ্টরা জানান, বুধবার সকালে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে স্থানীয় শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে।

এদিকে বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপসংখ্যা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান হয়নি। সংশ্লিষ্টদের নিয়ে পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বসে পরবর্তী সময়ে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram