

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: রাসায়নিক দুর্ঘটনা ও এর পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং সমন্বিত সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
গত মঙ্গলবার চট্টগ্রামের বানৌজা ঈসা খানে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ (এসটিএক্স)’ নামে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য অংশ নেন।
মহড়ায় রাসায়নিক দুর্ঘটনার পর একটি বাস্তব পরিস্থিতি ধরে জরুরি সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার ঠেকানো, আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়গুলো এতে গুরুত্ব পায়।
রাসায়নিক পদার্থ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা হবে, তাও মহড়ায় অনুশীলন করা হয়। পাশাপাশি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকর্মীদের নিরাপত্তা এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় অংশ নেওয়া সদস্যরা পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব ভাগাভাগি এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ মহড়ার ফলে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসমন্বয় আরও কার্যকর হবে।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) বিভিন্ন সংস্থার সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ‘বেসিক অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন কোর্স ফর রেসপন্ডারস (বিএপিসিওআর)’ প্রশিক্ষণের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ যৌথ মহড়ার আয়োজন করা হয়।
চট্টগ্রাম বন্দর, জাহাজ, শিল্পকারখানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাসায়নিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। এসব স্থানে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার, আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ মহড়ার মাধ্যমে জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে প্রাণহানি, সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের মহড়া কার্যকর ভূমিকা রাখবে।
