

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও একটি অটোরিকশা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে খেলার মাঠ সংস্কারের জন্য চেক প্রদান করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন।
অনুষ্ঠানে উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে একটি অটোরিকশা এবং খেলার মাঠ সংস্কারের জন্য চেক প্রদান করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
