

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে ইলিয়াস হোসেন (২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাগোলা স্টেশনের আনুমানিক ২৫০ গজ দক্ষিণে।
জানা যায়, উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে ইলিয়াস বেশ কিছু দিন ধরে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়েকে বিয়ের জন্য সে পরিবারকে চাপ দেয়। কিন্তু পরিবার থেকে ইলিয়াসের বড় ভাই বিদেশে থাকার অজুহাতে বিয়েতে কালক্ষেপণ করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার সন্ধ্যায় শাহাগোলা স্টেশনে ইলিয়াসকে একজন বোরকা পরিহিতা মেয়ের সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে ওই মেয়েটিই তার প্রেমিকা। তবে তাকে এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি।
এদিকে ইলিয়াস হোসেন এই ঘটনার ২২ ঘণ্টা আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আজ তার জীবনের শেষ দিন বলে একটি স্ট্যাটাস দিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এরই এক পর্যায়ে রোববার সন্ধ্যায় চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন অতিক্রম করলে সে ওই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
এ সময় ওই মেয়েটিও তার সাথে ছিল বলে স্থানীয়দের ধারণা। কে সেই কথিত প্রেমিকা? এটি উদ্ঘাটিত হলেই ইলিয়াসের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সান্তাহার জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে এবং কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
