

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং একটি শিশুবান্ধব উপজেলা গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাবলু খান।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক সরদার, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেসক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজুয়ান আলম, সাংবাদিক নূর সাঈদ, আফজাল হোসেনসহ ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম মামুনুল রশিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমের অভিশাপ থেকে মুক্ত রাখতে হবে। পাশাপাশি অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক নানা কারণে যেসব শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, তাদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ শুধু একটি শিশুর শিক্ষাজীবনই নষ্ট করে না, বরং তার শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে শিশুশ্রম শিশুদের স্বাভাবিক শৈশব ও শিক্ষা থেকে বঞ্চিত করে। তাই এসব সমস্যা প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং শিশুদের অধিকার সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করা।
