

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর বদলগাছীতে দুই ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে এলাকার সচেতন জনগণ-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
‘রাস্তার কাজ বন্ধ কেন জবাব চাই’, ‘কাজের গতি বাড়াও, জনদুর্ভোগ কমাও’—এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে স্থানীয়রা সড়কে অবস্থান নেন। অবরোধ চলাকালে বদলগাছী চৌরাস্তা দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে দুপুর ১২টায় কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুমিনুল হক মুন্না, আবু জর গিফারি, আসাদুজ্জামান ভুট্টু ও টুটুল।
সমাবেশে বক্তারা বলেন, বদলগাছীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও যানবাহন চলাচল করে। সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তায় গোলচত্বর নির্মাণের সিদ্ধান্ত হলেও হাইকোর্টে রিটের অজুহাতে দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ থমকে আছে। ফলে প্রতিনিয়ত তীব্র যানজট ও ধুলাবালিতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও চালকেরা।
জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বক্তারা জানান, অধিগ্রহণ করা জমির মালিকদের সরকার বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে। কারও আপত্তি থাকলে তা আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধান সম্ভব। তবে এ অজুহাতে পুরো বদলগাছীবাসীকে জিম্মি করে রাস্তার কাজ আটকে রাখা মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প চালু না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
