

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই মো. রফিকুল ইসলাম (৪০)। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভুরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম ভুরুয়াপাড়া গ্রামের ফজলুলের ছেলে। গুরুতর আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম, করিম ও রাব্বির সঙ্গে একই এলাকার জিল্লুর ও শাহাবুরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, করিমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ভাই রফিকুল ইসলামকেও গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং হামলার ধরন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ‘‘মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
