

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা সিগারেটের সঙ্গে জড়িত ব্যক্তি ও অবৈধ চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে কাজ করছে র্যাব। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ জানিয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য আমদানি, মজুত ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
