

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম হচ্ছে। ফলে দ্বিগুণ বেড়েছে বরফের দাম, ১৫০ টাকার ক্যান বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। তবুও পর্যাপ্ত বরফ পাওয়া যাচ্ছে না।
বরফ সংকটে ইলিশের ভরা মৌসুমেও শত শত মাছধরা ট্রলার সাগরে যেতে পারছে না। গত এক সপ্তাহ ধরে বরফের অভাবে মাছ শিকারে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ মৎস্য ব্যবসায়ীরা। তাদের দাবি, বরফ ছাড়া সাগরে গেলে ধরা মাছ দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বরফ উৎপাদন কমে যাওয়ায় মৎস্য বন্দরগুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে। মাছ ধরার মৌসুমে বরফের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে শুধু জেলেরা নয়, মাছ ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরাও বিপাকে পড়েছেন।
