

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুরের রায়পুরে শীর্ষ স্থান অর্জন করেছে। এই উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিদ্যালয়টিতে ১০৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯ জন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ১৯ শতাংশ; যা অত্র অঞ্চলে সর্বোচ্চ।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে রায়পুরের এ বিদ্যালয় থেকে এবার ১০ জন (ভোকেশনাল থেকে ২ জনসহ) শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। স্কুল শাখায় জিপিএ-৫ পাওয়া আটজনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এ সাফল্য এসেছে।’
বরাবরের মতো সাফল্য ধরে রাখায় এক বিবৃতিতে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
ফলাফল শিটে দেখা যায়, ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ জনই ন্যূনতম জিপিসহ সব আবশ্যিক ও অতিরিক্ত বিষয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৫ দশমিক ১৯ শতাংশ, যা লক্ষ্মীপুর জেলার সামগ্রিক পাসের হারের চেয়ে ৩১ দশমিক ২৮ শতাংশ এগিয়ে। জেলা প্রশাসনের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, এবার লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৯১ শতাংশ।
এ বছর লক্ষ্মীপুর জেলার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন।
বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।
