

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবৈধ ও আর্টিসেনাল ট্রলিং বন্ধের দাবিতে শনিবার রাতে মহিপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
মহিপুরের খাপড়াভাঙ্গা সেতু এলাকায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের গাড়িবহরের সামনে অবস্থান নিয়ে তারা দাবি জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন বিক্ষোভকারী সড়কে শুয়ে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, উপকূলসংলগ্ন সাগরে অবৈধ ট্রলিং বোটে অতিক্ষুদ্র ফাঁসের জাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ পোনা ও ডিমওয়ালা মাছ ধ্বংস হচ্ছে, যা সামুদ্রিক সম্পদ ও হাজারো জেলের জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এমপি মোশাররফ হোসেন আন্দোলনকারীদের দাবি শোনেন এবং আশ্বাস দেন যে জেলেদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে তিনি মহিপুর থানা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
