ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2026

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, প্রশংসায় ভাসছেন এমপি নয়ন

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সরকারি করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০১ মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক একটি পত্র জারি করা হয়।

উক্ত পত্র জারির খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে উপজেলার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণের মাঝে। এ সংবাদে ভোলা-০৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আল শাহীনসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কলেজটি সরকারিকরণের উদ্যোগ গ্রহণের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এমপি নয়ন। ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আনন্দ প্রকাশ করেছেন মনপুরার শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মুহুর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে।

এ ব্যাপারে উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহমেদ মোল্লা জানান, "ভোলা-০৪ আসনের বর্তমান এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাই দল ও মতের ঊর্ধ্বে উঠে সাবেক এমপি নাজিমউদ্দীন আলম সাহেবের মায়ের নামে মনপুরায় অবস্থিত মনোয়ারা বেগম মহিলা কলেজকে সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এটা প্রিয় নেতা নয়ন ভাইয়ের উদারতার অনন্য উদাহরণ। প্রতিষ্ঠানটি সরকারি হলে দ্বীপ উপজেলা মনপুরার নারীদের উচ্চশিক্ষার মান উন্নয়ন, কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ডাঃ কামাল উদ্দিন বলেন, মনপুরার নারীদের উচ্চশিক্ষা অর্জনের একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেয়ার জন্য এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে মনপুরা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। পাশাপাশি কলেজটি সরকারি হলে মনপুরার নারীরা সরকারি খরচে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হবে। এবং এটি একটি সুদূরপ্রসারি ভূমিকা হয়ে থাকবে।

জানা যায়, ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নির্বাচিত হওয়ার পর থেকে চরফ্যাশন-মনপুরার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দুই উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে লিখিত আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুলাই দুই উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ৪ আগস্ট মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজকে সরকারিকরণের নির্দেশনা দেয়া হয়।

সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রেরিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, চরফ্যাশন ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারিকরণের এই প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পন্ন করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করায় ভোলা-০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সুসংবাদে আনন্দিত হয়ে মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন বলেন, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ ও চুড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেয়ায় ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সকল ভেদাভেদ ভুলে দল মতের ঊর্ধ্বে উঠে বর্তমান এমপি সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজকে সরকারিকরণের উদ্যোগ নিয়েছে। এটা তার রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও উদারতার অনন্য দৃষ্টান্ত। এবং বর্তমান এমপি মহোদয়ের এই দূরদর্শী ও ইতিবাচক ভূমিকা মনপুরার সকল মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এবং মনপুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করি। এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram