ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2026

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা পেলেন প্রবাসী মোজাফফর হোসাইন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং প্রবাসীদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কেরানীহাট শাখার চলতি বছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহক হিসেবে সম্মাননা পেয়েছেন প্রবাসী মোজাফফর হোসাইন।

কেরানীহাটে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ব্যাংকের কেরানীহাট শাখায় পরিচালিত হিসাবের মাধ্যমে বৈধ ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মাননাপ্রাপ্ত প্রবাসী মোজাফফর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. অহিদুল আলম এবং সঞ্চালনা করেন ফজলুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান, শিহাবুদ্দিন মো. ইউসুপ, সাবেক ইউপি সদস্য হাসান মাহমুদ, শিক্ষক মো. লুকমান, ছাত্রনেতা মো. হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জাফর আহমেদ।

সম্মাননা গ্রহণের পর মোজাফফর হোসাইন বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করে। ইউসিবির এ সম্মাননা আমাকে ভবিষ্যতেও দেশের জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি ইউসিবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে ইউসিবির এ ধরনের স্বীকৃতি প্রবাসীদের আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে মোজাফফর হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram