

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে মোট ১১৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যাদের মধ্যে ৯০ জন পাহাড়ি এবং ২৫ জন বাঙালি। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

এ ছাড়া তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি এ প্রসঙ্গে বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।”
তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
