

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী’র নিকট স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এসব দাবি নিয়ে শ্লোগান সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী’র নিকট স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্য এর নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, শহর জামায়াত আমীর মাও: সাইদুর রহমান, সদর আমীর মাও: এমরান হোসেন, পাঁচবিবি উপজেলা আমীর মাও: সুজাউল করিম, এনসিপির যুগ্ম আহবায়ক ইঞ্জি: গোলাম কবির, এনসিপি নেতা রনজু, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিল্প-কারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত বা ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাওয়ার বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তাই এসব সমস্যা সমাধানে দ্রুত সরকারের নিকট দাবী জানান নেতৃবৃন্দ।
