ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

বদলগাছীতে যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ, দম্পতি গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে মথুরাপুর ইউনিয়ন যুবদলের এক সহ-সভাপতির বাম হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল নেতা ও তাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত তার মা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবদল নেতার নাম হাসান রমন (৪২)। তিনি জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- একই গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম (মামলা সূত্রে নাম খুশি বেগম)।

স্থানীদের ভাষ্যমতে, রোববার বিকেলে জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে মিজানুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ বাঁধলে মিজানুর ধারালো হাসুয়া দিয়ে হাসানের বাম হাতে কোপ মারে, এতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে। সংবাদ পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হাসানের মা বিউটি বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত রমনের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, সামান্য আইল কাটার বিরোধের জেরে মিজানুর ও তার স্ত্রী আমার ছেলেকে হত্যার উদ্দেশে ধারালো হাসুয়া দিয়ে আক্রমণ করে। তাকে বাঁচাতে গেলে আমার স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। আমি এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, হাসান তার জমির সীমানা কেটে ফেললে তর্কাতর্কি হয়। পরবর্তীতে হাসানসহ ৬-৭ জন লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় হাতে থাকা ঘাস কাটার হাসুয়া নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে অসাবধানতাবশত হাসানের কব্জি কেটে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল দুই আসামি মিজানুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram