

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটকের সামনে বিলুপ্তপ্রায় সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সদস্য মাহাবুবুর রহমান, রফিকুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য খলিলুর রহমান, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর্মকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মোঃ রেজাউল, নিখিল পাড়, মোঃ রুহুল আমিন। এছাড়াও সাংবাদিক মোস্তফা জামান সুমন, জাহিদ হাসান রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা বলেন, "পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে। উজিরপুর প্রেসক্লাবের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।"
উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম বলেন, "সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ সংরক্ষণেও সাংবাদিকদের ভূমিকা থাকা উচিত। সেই ভাবনা থেকেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তা পরিচর্যার আহ্বান জানাই।"
দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মারকাযুল কারিম সালেমা মজিদ কওমি মাদ্রাসা, শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়, শোলক এম. এ. রশিদ মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, ৮৫ নম্বর মার্দাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম পাড়া জামে মসজিদ, আদর্শ গ্রাম জামে মসজিদ, চৌকিদার বাড়ি জামে মসজিদ, ঠাকুরহাট জামে মসজিদসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শেষে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত বৃক্ষরোপণ করা এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ উপহার দিতে।
