

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার (২ আগস্ট) রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে রায়হানের ঘনিষ্ঠ সহযোগী মো. দিদার আলম ও মো. আফসার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাউজান উপজেলার একটি এলাকায় মানিক নামে এক ব্যক্তির বসতঘরের পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। অপরদিকে আফসার মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
