

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা ৪৮০ বস্তা চাল নিম্নমানের অভিযোগে গ্রহণ না করে ফেরত দিয়েছেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন।
জানা গেছে, চলতি বছরের বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের জয় অটো রাইস মিল থেকে ৫০ কেজি ওজনের ৪৮০ বস্তা চাল বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হয়। গত ২ আগস্ট দুপুরে চালগুলো গুদামে সংরক্ষণের উদ্দেশ্যে খালাসের কাজ শুরু করেন শ্রমিকরা।
চাল খালাসের সময় খাদ্য গুদামের শ্রমিক নেতা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান চালের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে গুদাম কর্তৃপক্ষকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন চালের নমুনা পরীক্ষা করেন।
প্রাথমিক যাচাইয়ে চালের গুণগত মান সন্তোষজনক না হওয়ায় পুরো চালের চালান গ্রহণ না করে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো হয়।
শ্রমিক নেতা মো. তোফাজ্জল হোসেন খান বলেন, চাল খালাসের সময় মান নিয়ে সন্দেহ হওয়ায় আমরা কর্তৃপক্ষকে জানাই। পরে তারা পরীক্ষা-নিরীক্ষা করে চাল গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, চালের মান সরকারি মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক না হওয়ায় চালের চালানটি গ্রহণ করা হয়নি। সরবরাহকারী প্রতিষ্ঠানকে তা ফেরত দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জয় অটো রাইস মিলের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা কোনো নিম্নমানের চাল সরবরাহ করিনি। একটি বস্তার চালে সামান্য লালচে আভা দেখা গেছে, সেটিকেই নিম্নমানের বলা হচ্ছে। প্রকৃতপক্ষে ধানের জাতভেদে চালের রঙে এমন স্বাভাবিক পার্থক্য দেখা দিতে পারে। আমাদের সরবরাহ করা চালের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরবরাহকৃত চালের গুণগত মান নিশ্চিত করতে আরও কঠোর তদারকি ও মান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
