

রমজান আলী সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও পুনর্বাসন কার্যক্রমে কাজ করবে। একই সঙ্গে বিএনপিও দলীয়ভাবে বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিএনপিও শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকেও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, বন্যার শুরু থেকেই সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরাও বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলের পক্ষ থেকে তাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১১টায় উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন মাহবুবের রহমান শামীম।
