

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার দায়ে মো. তারিফ (৩৩) নামের একজনকে আটক করা হয়। সোমবার (১৩ জুলাই) বিকেলে বন বিভাগ তাকে আদালতে সোপর্দ করেন।
আটককৃত তারিফ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার ৩ নং ওয়ার্ডের মৌলভি আব্দুল হাফিজের ছেলে।
হাতিয়া উপজেলার জাহাজমারা রেঞ্জ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি গতকাল সকাল ১০টার দিকে সদর বিটের চর ইউনুসের আমতলী ক্যাম্পের পশ্চিমে সরকারের সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ কাটছিল। অবৈধভাবে গেওয়া চারা গাছ কেটে জমি পরিষ্কার করার সময় বন বিভাগের টহলরত লোকজন তাক হাতেনাতে ধৃত করে। পরে বিট কর্মকর্তা শেখ রাতুল শহীদ আসামিকে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চালান করেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। সদর বিট পিওআর বন মামলা নং ০৫।
এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ.কে.এম. আরিফ-উজ-জামান জানান, সরকারি সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রবেশ, বন অপরাধ ও বর্ষা মৌসুমে চাষাবাদ প্রতিরোধে বন বিভাগ তৎপর রয়েছে। ইতোমধ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জাহাজমারা রেঞ্জের সদর বিটের চর ইউনুস বেশ অপরাধপ্রবণ এলাকা। এখানে এক হাজার ২০০ একর সংরক্ষিত বনভূমি ও দুই হাজার ৫০০ একর নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান এলাকা রয়েছে। উক্ত চরটি জরিপবিহীন ও সীমানা চিহ্নিত হয়নি। ফলতঃ উক্ত চরটি চর ইউনুস, চর হেয়ার ও নতুন সুখচর নামে স্থানীয় ভূমি অফিস কর্তৃক ব্যক্তিবিশেষকে বন্দোবস্তের অভিযোগ রয়েছে। যার কারণে উক্ত চরে অপরাধপ্রবণতা বেশি বলে সহকারী বন সংরক্ষক জানান।
