

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীর সাথে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং, নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, প্রেসক্লাব সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রধান শিক্ষক রেহেনা পারভিন, প্রধান শিক্ষক মল্লিকা রায়, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও নাগরিক প্লাটফর্মের সদস্য প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বক্তাগণ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পিং, নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরো ভুমিকা পালনের আহবান জানান। এছাড়াও জেন্ডারভিত্তিক সমতা অর্জন ও সহিংসতা প্রতিরোধে আরো বেশি গতিশীলতা আনার উপর জোর দেওয়ার কথা বলেন।
এসময় প্রধান অতিথি ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি জেন্ডারভিত্তিক সমতা অর্জন ও সহিংসতা প্রতিরোধে আরো বেশি গতিশীলতা আনতে প্রশাসনের পাশাপাশি অন্য সকল পক্ষকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবর রহমান ও ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আকতার। জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মানের কারিগরী সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন, সুইজারর্যান্ড দূতাবাস এবং ইউএসএআইডিয়ের আর্থিক সহযোগিতায় ও ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক প্লাটফর্ম এই সভার আয়োজন করে।
