

টাঙ্গাইল প্রতিনিধি: তীব্র গরমে কর্মজীবী অসহায় মানুষের কষ্ট লাঘবে টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ছাতা, হাতপাখা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাছির। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে খেটে খাওয়া ও অসহায় মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচির আওতায় রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের হাতে ছাতা, হাতপাখা ও মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সকলকে পানি পান করানো হয়।
