

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার দুই যুগের সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) দুপুরে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা গেছেন।
আগামীকাল সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
মেয়র আনিস ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে একাধারের চারবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
মেয়র আনিস ডায়াবেটিস, কিডনিসহ শারিরীক নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তাকে কয়েকদিন আগে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেয়র আনিসুর রহমানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছলে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। এ সময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনিসুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এ সময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমানকেও অপসারণ করা হয়।
