

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় ৫ দিনেও উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি। বর্তমানে ওই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ।
গত ৩১ মে বিকালে ডেমরার ছোট পাইটি বিলপার আব্দুর রহমানের বাড়ির সামনে সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতের সুরতহাল প্রস্তুত করে। এ সময় পুলিশের বিশেষজ্ঞ দল মৃতের আঙ্গুলের ছাপ সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন লাশ সনাক্তকরণের জন্য। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা শারীরিক অসুস্থতার কারণে ওই লোকটির মত্যু হয়েছে। এ বিষয়ে গত ৩১ মে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পাগলের মত বিগত ৭-৮ মাস ধরে পাইটির বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গত ৩১ মে পাইটি এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে লাশের পরিচয় না মিললেও লাশ শনাক্তকরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।
