

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগম (৩৮) কে হত্যা করে পালিয়ে গেছে তার স্বামী নাসির সিকদার।
রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূর স্বামী। তাই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
এদিকে নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রবিবার বিকালেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়মকে। পড়ে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূকে হত্যা করে পালিয়ে যায় নাসির।
এছারাও ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

