

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে সাটুরিয়া প্রেসক্লাব এ সভার আয়োজন করে। সভায় উপজেলার উন্নয়ন, সামাজিক সমস্যা নিরসনে গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় নিয়ে আলোচনা হয়।
সভায় সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তার হাতে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের একটি তালিকা তুলে দেন প্রেসক্লাব নেতারা।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ও সমকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি মো. সোহেল রানা খান, সাবেক সভাপতি ও ভোরের দর্পণের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক সংবাদ ও এশিয়ান এজের প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমান, আপেল মাহমুদ চৌধুরী এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আব্দুস সালাম শফিক।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক ও বাংলাদেশ টুডের মাহমুদুল হাসান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জনকণ্ঠ-এনটিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রানাসহ অন্য সদস্যরা। সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাটুরিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও যানজটসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।
