

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ’র বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সমবায় সমিতি সংক্রান্ত একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে এই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেছে।
আজ বুধবার (২২ এপ্রিল) সকালে সরেজমিনে ইউএনও অফিসে গিয়ে জানা যায়, ভুক্তভোগী তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন ইউএনও মো. মাসুদুর রহমানের কাছে গত সোমবার সকালে একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় সাত মাস আগে জমি বিক্রির অনুমোদনের প্রলোভন দেখিয়ে নাসিম শাহ ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী তার টাকা ফেরত চান। টাকা ফেরত না দিয়ে নাসিম শাহ দীর্ঘ দিন যাবত টালবাহানা করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। এছাড়া টাকা চাওয়ায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও অশোভন আচরণ করার অভিযোগও উঠেছে অভিযুক্ত এই কর্মচারীর বিরুদ্ধে।
প্রাথমিকভাবে অভিযুক্ত নাসিম শাহ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে চাপের মুখে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেবেন বলে স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত কর্মচারী বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

