ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৫
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

যশোর আইটি পার্কে চালডাল ডটকমে সাধারণ ছুটি ঘোষণা, ৬০০ শ্রমিকের অবস্থান

যশোর প্রতিনিধি: যশোর শহরের যশোর আইটি পার্ক-এ অবস্থিত চালডাল ডটকম-এর কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চরম আকার ধারণ করেছে। সোমবার সকালে বেতনের দাবিতে অবস্থান নেওয়া শ্রমিকরা অফিস ঘেরাও করে রাখেন। এ সময় কর্তৃপক্ষ হঠাৎ সাধারণ ছুটি ঘোষণা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকদের অভিযোগ, প্রায় চার মাস ধরে অন্তত ৬০০ কর্মী বেতন পাননি। রোববার রাত থেকে নাইট শিফটের কর্মীরা অফিসের ১২ তলায় অবস্থান নিয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। সোমবার সকাল থেকে ইভনিং শিফটের কর্মীরাও এতে যোগ দেন। তবে দীর্ঘ সময়েও কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

সোমবার সকালে অবস্থান কর্মসূচির সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শাকিল (২১) নামে এক কর্মী আহত হন। তিনি তালবাড়িয়া শান্তির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় চাল-ডালের অনলাইন এজেন্ট। আহত শাকিলকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

আন্দোলনরত কর্মীরা অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি সামনে না এসে নিজস্ব লোকজন দিয়ে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন। হঠাৎ সাধারণ ছুটির নোটিস টাঙিয়ে দেওয়ায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ বেড়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য, “ন্যায্য বেতন চাইতেই আমাদের ওপর হামলা করা হচ্ছে। চার মাস ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বকেয়া বেতন পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এ বিষয়ে প্রতিষ্ঠানের উপ-পরিচালক আজিজুর রহমান জিকো বলেন, ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কোম্পানির ফান্ডে সাময়িক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে আইটি পার্ক এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram