

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘জীবন আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান ক্বারী হিসেবে তিলাওয়াত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনী-এর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমানসহ অন্যান্য আলেমগণ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নগদ ৫০ হাজার টাকা গ্রহণ করেন সুবর্ণচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জন করে ৩০ হাজার টাকা গ্রহণ করেন একই মাদ্রাসার তানভীর হোসেন। তৃতীয় স্থান অর্জন করে ২০ হাজার টাকা গ্রহণ করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইদ হাসান সাইম। এছাড়া বাকি ১৭ জন প্রতিযোগী শান্তনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে গ্রহণ করেন।
জেলার প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রাথমিক অডিশন থেকে ৬০ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয় এবং সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশ নেয় ২০ জন প্রতিযোগী।
সাংস্কৃতিক আয়োজনে পরিবেশনা করে দেশের একমাত্র জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব এবং আহ্বান শিল্পীগোষ্ঠী।
রমজানের পবিত্র আবহে কোরআনের সুরে মুখরিত এই আয়োজন নোয়াখালীর ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

