

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পুলিশের চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১ টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকায় দক্ষিণ পাশের সড়কে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলো পুলিশ সদস্যরা। এসময় শেরপুরগামী একটি ট্রাককে তারা দাড়াতে ইশারা করলে এর পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদের। বেঁচে যায় সাথে থাকা শিশু আবরার। ঘটনার পর পুলিশ সদস্যদের উপর হামলা করে বসে স্থানীয়রা। আর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর দ্রুত আমরা এখানে এসে লাশ দু'টি উদ্ধার করার চেষ্টা করছি। কিন্তু স্থানীয়রা বিচার দাবি করায় তা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি।
