ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন সরকারের কাছে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক

নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। কয়েক যুগের বঞ্চনার অবসান কাটিয়ে দরিদ্রতার কশাঘাত থেকে মুক্তি পেতে চায় এ অঞ্চলের মানুষ। স্বাধীনতার ৫৫ বছরেও অবহেলিত দক্ষিণাঞ্চলে গড়ে উঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। এখানকার মানুষকে এলাকার উন্নয়নের জন্য নামতে হয় রাজপথে। যেটুকু উন্নয়ন হয়েছে তা দক্ষিণাঞ্চলের মানুষের আন্দোলন-সংগ্রামের ফসল।

বরিশাল নামমাত্র বিসিক শিল্পনগরী থাকলেও নানান সংকটে গড়ে উঠেনি উদ্যোক্তা। হাতে গোনা যে দু-একটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে তাও হুমকির মুখে। এমতাবস্থায়, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে ঢাকা-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়কের বরিশাল-ভাঙ্গা অংশের ছয় লেন প্রকল্পটির বাস্তবায়ন কাজ অবিলম্বে শুরু করা, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশাল হয়ে ঢাকা ও খুলনা বিভাগে গ্যাস সরবরাহ, বরিশালে ইপিজেড প্রতিষ্ঠা, ১২ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বরিশাল-ঢাকা এবং যশোর-বরিশাল-চট্টগ্রাম আকাশপথে নিয়মিত বিমানের ফ্লাইট চালু, বরিশাল-চট্টগ্রাম উপকূলীয় নৌপথে স্টিমার সার্ভিস পুনর্বহাল, বেগম জিয়ার স্বপ্ন ও ঘোষণা কুয়াকাটাকে ‘একান্ত পর্যটন এলাকা’ হিসেবে গড়ে তোলা এবং বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ ও কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ছাড়াও বরিশালে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে নতুন সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরিশালের উন্নয়নে সরব ভূমিকায় থাকা নাছিম উল আলম।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নরুল ইসলাম খান রাজন ২৭ দফা দাবির মাধ্যমে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরিশালের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন।

এবার বরিশাল সদর আসনে নির্বাচনী প্রচারণায় চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার উন্নয়নে বিএনপির ভূমিকা তুলে ধরেছেন। তিনি ভোলা-বরিশাল সংযোগ, বরিশাল ডুয়েল গেজ রেললাইন স্থাপন, বরিশালে আধুনিক স্পেশালাইজড হাসপাতাল ও ইপিজেড স্থাপন, বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, বরিশাল নগরীর খাল উদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন, বরিশাল জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০ এ উন্নীতকরণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প চালুর বিষয়ে কাজ করবেন বলে জানান।

বরিশালবাসীর দাবি, উন্নয়ন কার্যক্রমে যথাযথ পদক্ষেপ না নিতে পারলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। খাদ্যশস্যের মূল ভাণ্ডার দক্ষিণাঞ্চলের এ ক্ষতির প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। তাই দক্ষিণাঞ্চল থেকে নির্বাচিতদের মধ্যে থেকে মন্ত্রিসভার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় আনা উচিত বলে মনে করছেন এখানকার বিশিষ্টজনরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram