

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদকসেবী যুবককে নিজ বাড়ি থেকে আটকের পর সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম শামীম মিয়া (২২)। তিনি কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ শামীমকে নিজ ঘরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।
পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) গ ধারা ভঙ্গের অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারা ৩৬(১) সারণি, ক্রমিক ২১ অনুযায়ী ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
ইউএনও জানান, “অভিযানে গিয়ে জানতে পারি শামীমের পিতা মাদকসেবী পুত্রের ভয়ে বাড়ির টিউবওয়েল এর মাথা খুলে রেখেছেন। বাড়ির আসবাবপত্র এমনকি রান্নার হাড়ি-পাতিল পর্যন্ত বিক্রি করে মাদক সেবন করে ওই যুবক বলে প্রতিবেশীরা জানান।”
ইতোপূর্বেও ওই যুবক দুইবার একই অপরাধে জেলে গিয়েছে। বেরিয়ে এসে আবার নেশার জগতে মিশে গেছে বলেও জানান তিনি।
